বিগ ব্যাশে খেলবেন বাবররা, বিপিএলের ছাড়পত্র কি পাবেন?
বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিতই খেলেন পাকিস্তানি ক্রিকেটাররা। তবে এশিয়া কাপের ফাইনালে হারের পর ক্রিকেটারদের এসব লিগে খেলার বিষয়ে কঠোর হয়েছে পিসিবি। অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত পাকিস্তানি ক্রিকেটারদের বিগ ব্যাশে পাওয়া যাবে বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ।
বিগ ব্যাশে খেলবেন পাকিস্তানি ক্রিকেটাররা
গত মাসেই পাকিস্তানের ক্রিকেটারদের বিদেশি টি-টোয়েন্টি লিগে অংশ নেওয়ার বিষয়ে সব ধরনের অনাপত্তিপত্র (এনওসি) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এতে বিপাকে পড়ে বিগ ব্যাশের দলগুলো।
বিগ ব্যাশের আসন্ন ১৫তম আসরে খেলার জন্য বাবর আজম সিডনি সিক্সার্স, শাহিন আফ্রিদিকে ব্রিসবেন হিট, রিজওয়ান মেলবোর্ন রেনিগেডস, রউফ মেলবোর্ন স্টারস, শাদাব সিডনি থান্ডার ও হাসান আলি অ্যাডিলেড স্ট্রাইকার্সের সঙ্গে চুক্তি করেছিলেন।
তবে নিষেধাজ্ঞা থাকলেও পাকিস্তানি ক্রিকেটারদের বিগ ব্যাশে খেলার অনুমতি পাচ্ছেন বলে জানা গেছে। তবে পাকিস্তানের ক্রিকেটাররা শুধু বিগ ব্যাশেই খেলবেন, নাকি সব লিগেই খেলতে পারবেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, পাকিস্তানি ক্রিকেটাররা বিগ ব্যাশে অংশগ্রহণ করবেন। গ্রিনবার্গ বলেন, ‘এটা (খবর) গত সপ্তাহে এসেছে। অর্থাৎ তারা সবাই খেলবে। আমরা ব্যাপারটা নিয়ে উত্তেজিত, বিগ ব্যাশের জন্য পাকিস্তান থেকে আমরা কিছু ভালো খেলোয়াড় পেয়েছি। এই গ্রীষ্মে তাদের এখানে দেখার অপেক্ষায়।’
এবারের বিগ ব্যাশ শুরু হবে ১৪ ডিসেম্বর। ফাইনাল হওয়ার কথা ২৫ জানুয়ারি। একইসময়ে অনু্ষ্ঠিত হতে পারে বিপিএল। পিসিবি অনুমতি সাপেক্ষে সেখানেও দেখা যেতে পারে পাকিস্তানি ক্রিকেটারদের।

Comments
Post a Comment